রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত, ছাড় মিলবে ৭০ শতাংশ পর্যন্ত

নিউজ ডেস্ক

ক্যানসার চিকিৎসার ব্যয় কমাতে ১৩৭টি ক্যানসারের ওষুধের দাম কমানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (১৭ অক্টোবর) ভারতের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের অধীন ওষুধ বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়। দেশটির জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (এনপিপিএ) নির্বাচিত ১৩৭টি ক্যানসারের ওষুধের বিপণন ও বিক্রয় পর্যায়ে মুনাফার সীমা সর্বোচ্চ খুচরা মূল্যের ৩০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে ওষুধগুলোর বর্তমান মূল্য কাঠামোর ওপর নির্ভর করে দাম কমবে।

ভারত সরকারের এ উদ্যোগের লক্ষ্য ক্যানসারের চিকিৎসা আরও সাশ্রয়ী করা এবং রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানো। নতুন মূল্য নিয়ন্ত্রণের আওতায় স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারসহ ২০টির বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে।

তালিকায় রয়েছে পেমব্রোলিজুমাব, দুরভালুমাব ও ওসিমার্টিনিবের মতো বহুল ব্যবহৃত ক্যানসারের ওষুধ। এ ছাড়া স্তন ও প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ডেনোসুমাব, ক্যানসার রোগীদের নিউট্রোপেনিয়া প্রতিরোধে ব্যবহৃত পেগফিলগ্রাস্টিম এবং কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেভাসিজুমাবও এ উদ্যোগের আওতায় রয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে প্রজ্ঞাপন জারির সাত দিনের মধ্যে সংশোধিত মূল্য কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি ওষুধের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দাম কমানোর ফলে বাজারে সংকট তৈরি না হয়।

এর আগে ২০১৯ সালে ৪২টি ক্যানসারের ওষুধের ক্ষেত্রে একই ধরনের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল ভারত। ওই উদ্যোগের পর ৫২৬টি ব্র্যান্ডের ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য ৯০ শতাংশ পর্যন্ত কমেছিল বলে জানিয়েছে দেশটির সরকার।

এবার আরও ১৩৭টি ওষুধকে এ ব্যবস্থার আওতায় এনে ক্যানসারের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর রোগীরা ওষুধের সংশোধিত মূল্য ভারতের জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং ‘ফার্মা সহি দাম’ অ্যাপের মাধ্যমে যাচাই করতে পারবেন।

 

সূত্র: ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন