পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইহাটের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে সরিয়ে নেওয়া হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাঘাইহাটের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালালে বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালাতে বাধ্য হন। কয়েক দফা গুলিবিনিময়ের পর সশস্ত্র সদস্যরা পিছু হটেন। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ কারণে সাজেক ভ্যালিতে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে বাঘাইহাটের উজোবাজার এলাকায় অবরোধকারীরা গাড়িবহর আটকে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানা গেছে। পরে অবরোধকারীদের সরিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ২ হাজার ৯৩৩ জন পর্যটককে যৌথবাহিনীর পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। তবে পর্যটকবাহী গাড়িবহর যাত্রা শুরুর পরও এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল।
স্থানীয় সূত্রের দাবি, সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যেও দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন আয়োজকেরা।
উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর হয়।
জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সড়ক অবরোধ, গোলাগুলি এবং পর্যটনকেন্দ্র বন্ধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেকের পর্যটন কার্যক্রম এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

