সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে বলে দাবি করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তবে সরকারের সহযোগিতায় এগিয়ে না এসে রোডমার্চ ও লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ গত ১৭ বছর অনেক কষ্টে ছিলেন। এ সময়ে তাঁরা পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এখন আবার রোডমার্চ ও লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কাজ কি সারা জীবন শুধু মিছিল-মিটিং করা? রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি ও ধর্মীয় কার্যক্রমেও নেতাকর্মীদের যুক্ত হতে হবে।
দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ মাদক বা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত শক্তিশালীই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবার সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।

