আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে বাহিনীকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করতে চায়। কোনো ব্যক্তি নিজের স্বার্থে এই বাহিনীকে ব্যবহার করতে পারবেন না। দেশের ও জনগণের কল্যাণে বাহিনীকে কাজে লাগানো নির্বাচিত সরকারের বড় দায়িত্ব। কারণ, নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে।
তিনি বলেন, অতীতে ক্ষমতায় থাকা সরকারের জবাবদিহি ছিল না। যখন যা ইচ্ছা হয়েছে, তখন তা-ই করা হয়েছে। এর ফলে স্বর্ণ ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যাশিতভাবে উপকৃত হননি। এ কারণেই ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আন্দোলন করতে হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের অবস্থান তত বেশি মজবুত হবে।
দেশের অর্থনীতি শক্তিশালী করতে সবার দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না; দেশের সব মানুষকেই দেশপ্রেমিক হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তার ভাষ্য, স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তবে এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। কারণ, প্রতিটি ব্যবসা-বাণিজ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খান। সঞ্চালনা করেন বাজুসের লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যরা।

