রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইশরাক যেখানে অভিযান চালিয়েছিলেন, সেখানে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮

নিউজ ডেস্ক

রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

পুলিশের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন শামসুল হক, মো. ইকবাল হোসেন জিহাদ, আরাফাত হোসেন শামীম, মো. আব্দুল্লাহ রাহুল, মোহাম্মদ হোসেন, সাইমুর, ইমন, অভি, মো. রাফিন, জুনায়েদ হোসেন, মো. সাইদ হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান আরাফাত, মো. মারুফ হোসেন, সাহিদুর, মো. উজ্জল, মো. রবিন, মো. মাসুদ, মো. দুলু, ফরিদ বেপারী, মো. জনি, কবির, ইউসুফ, মো. আল রাব্বি, মো. শুভ, মো. শাওন ও মো. সেন্টু মিয়া। এ ছাড়া একজন শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে একাধিক অভিযান চালানোর পরও ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এ পরিস্থিতিতে শুক্রবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৮ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত শনিবার একই মাদক স্পটে অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

ইশরাকের অভিযানের পর ওই এলাকায় দুই দফায় আরও মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসব অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ শুক্রবারের অভিযানে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকাটিতে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখল পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন