রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অচিরেই আলেম সমাজের নেতৃত্বের ঘুম ভাঙবে: আসিফ নজরুল

নিউজ ডেস্ক

মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে আলেম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের প্রকাশ্যে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই আলেম সমাজের নেতৃত্ব এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল বাংলাদেশের আলেম সমাজের সম্মানিত ব্যক্তিদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, হজ পালন, নামাজ আদায় ও ইসলামী আলোচনা শোনার সময় অনেক আলেমকে কাছ থেকে দেখেছেন। পাশাপাশি মাওলানা আহমাদুল্লাহর মতো কয়েকজন আলেমের মানবিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি।

তবে মাদ্রাসার শিক্ষকসহ আলেম সমাজের কিছু ব্যক্তির বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই আইন উপদেষ্টা। তাঁর মতে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যা তুলনামূলক কম হলেও বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। তিনি এসব কর্মকাণ্ডকে গুরুতর ধর্মীয় অপরাধ হিসেবেও উল্লেখ করেন।

আসিফ নজরুল প্রশ্ন তোলেন, বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত বিষয়ে আলেম সমাজের অনেকে সরব থাকলেও শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে তাঁদের একটি অংশ প্রকাশ্যে প্রতিবাদ করেন না কেন। তাঁর মতে, ধর্মীয় বক্তা ও প্রভাবশালী আলেমদের এ ধরনের অপরাধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আলেম সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু নিজেদের পরিসরে সংঘটিত অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান না নিলে সাধারণ মানুষের মধ্যে তাঁদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। অপরাধীদের প্রতি কারও সহানুভূতি বৃহত্তর আলেম সমাজের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর সুনাম ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন আসিফ নজরুল।

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, আলেম সমাজের নেতৃত্ব শিগগিরই এ বিষয়ে আরও সক্রিয় হবে। ধর্মীয় মূল্যবোধের আলোকে এসব অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানাবেন তাঁরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন