প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সফর প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার কখন কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে সংলাপে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ চালু করা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অভিন্ন অবস্থান তুলে ধরতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সংকটকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সমস্যাগুলো যথাযথভাবে বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা কঠিন হবে।

