রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

নিউজ ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

ফিলিপাইন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পড়া দুটি বিমানই ছিল একক প্রপেলারযুক্ত এসএফ-২৬০ মডেলের। প্রশিক্ষণ চলাকালে আকাশে সংঘর্ষের পর বিমান দুটি বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে চার পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপিনগুইয়ান।

ফিলিপাইনের সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক এসব দুর্ঘটনার পর সামরিক বিমানের নিরাপত্তা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে সর্বশেষ দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন