রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ওয়েবসাইট নিরাপদ, ভিসা সার্ভারে নিয়ন্ত্রণ নেই’: বাংলাদেশ হাইকমিশন

নিউজ ডেস্ক

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে মিশনটি। একই সঙ্গে ভিসা-সংক্রান্ত সার্ভার বাংলাদেশ থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে লন্ডন মিশনের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই বলে স্পষ্ট করেছে হাইকমিশন।

শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশনের কার্যক্রম নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনের অফিশিয়াল ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ। এর নিরাপত্তা বা কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিক ভিত্তি নেই বলেও দাবি করেছে মিশন।

ভিসা-সংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাগুলো বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে। ফলে এসব ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ কিংবা প্রযুক্তিগত ব্যবস্থাপনায় লন্ডন মিশনের সরাসরি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। এ কারণে ভিসা সার্ভার-সংক্রান্ত কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার জন্য হাইকমিশনকে দায়ী করা উচিত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মিশন আরও জানায়, আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য জমা দিলে দ্রুততম সময়ে ভিসা এবং অন্যান্য কনস্যুলার সেবা দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে হাইকমিশন। প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও মিশনটি সচেষ্ট বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাইকমিশনের কার্যক্রম নিয়ে কারও প্রশ্ন, অভিযোগ বা উদ্বেগ থাকলে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করতে মিশনের অফিশিয়াল যোগাযোগমাধ্যম ব্যবহার অথবা সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপপ্রচার মোকাবিলা এবং মিশনের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা নিশ্চিত করতে সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন