বিরোধী দলকে রাজপথে লং মার্চ ও মিছিলের পরিবর্তে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা সম্ভব হলে সবার আগে প্রধানমন্ত্রীই সেই উদ্যোগ নিতেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বিরোধী দলকে সরকারের সমালোচনায় সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ন্যায্য দাবি তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় বাংলাদেশ ন্যায়বিচার চায়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দেশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্তরাঞ্চলের কিছু এলাকায় জমি মরুভূমির মতো হয়ে পড়ছে। এর ফলে মানুষের জীবন-জীবিকা বিপন্ন হচ্ছে এবং অনেকে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
চিফ হুইপের বক্তব্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাব দেশের অর্থনীতি, কৃষিজমি ও মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য ক্ষতি করছে। তাই আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্যতা ও বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।

