রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, মো. রুহুল আমিন এবং মো. তাজউদ্দীন খান। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয়।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের মূল অবকাঠামো পুনর্নির্মাণ এবং সংলগ্ন উদ্যান ও প্রাঙ্গণের অসমাপ্ত সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সমাধিস্থলের মূল অবকাঠামো পুনর্নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করা সম্ভব হবে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

ছাদে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন হবে ৩৬০ মেগাওয়াট

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সরকারি অবকাঠামোয় রুফটপ সোলার পদ্ধতিতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সংশ্লিষ্ট ভবনগুলোর চাহিদা মেটানোর পর বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩ প্লট বরাদ্দের তথ্য

বৈঠকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়ার তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে।

রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ড হয়েছে কি না, তা যাচাই করতে হাইকোর্ট বিভাগের একটি রিটের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি নথিপত্র পর্যালোচনা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে।

বৈঠকে জানানো হয়, এ পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটের বরাদ্দসংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রতিবেদন পাওয়া গেছে। এসব প্লটের নথি-সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ এবং সম্ভাব্য অনিয়মের বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সংসদ ভবনের রক্ষণাবেক্ষণে গুরুত্বারোপ

জাতীয় সংসদ ভবনকেন্দ্রিক গণপূর্ত অধিদপ্তরের চলতি বছরের সম্পন্ন বিভিন্ন কাজের বিবরণও বৈঠকে উপস্থাপন করা হয়। সংসদ ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং এর ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন