ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে একে একে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
পরিস্থিতি ও আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর চেষ্টা চালাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণসহ অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

