জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এলিজা জামান গত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
এ উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তাঁর বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।

