রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করা কঠিন: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং টিকিট বিক্রির সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির সময় একসঙ্গে লাখ লাখ মানুষ প্রবেশের চেষ্টা করেন। এতে সিস্টেমে চাপ তৈরি হয় এবং অনেক সাধারণ যাত্রী টিকিট কিনতে পারেন না। ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন।

রেলমন্ত্রী জানান, একজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে মোট ৪০টি টিকিট থাকতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি করা ঠেকানো কঠিন বলে উল্লেখ করেন তিনি।

টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে শেখ রবিউল আলম বলেন, অনলাইনে আগে প্রবেশ করতে পারলে আগে টিকিট কেনার সুযোগ পাওয়া যায়। টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত করেও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে অনলাইন টিকিট ব্যবস্থাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলে দাবি করেননি রেলমন্ত্রী। তিনি বলেন, ব্যবস্থাটির সীমাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে। কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন