বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন সরকার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও প্রধান কৌশলগত অংশীদার। দুই দেশের দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই অংশীদারত্ব আরও উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে ড. লিউ ইউইন জানান, বাংলাদেশ পুলিশের কার্যক্রমে প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় চীনা দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

