রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‎ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হতে চান আনোয়ার হোসেন সবুজ

‎ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোঃ আনোয়ার হোসেন সবুজ। স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের তথ্য প্রকাশ এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
‎
‎আনোয়ার হোসেন সবুজের পিতা নুর ইসলাম এবং মাতা হারমতের নেছা। তিনি এসএসসি পাস এবং পেশায় একজন ব্যবসায়ী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন।
‎
‎নিজের সামাজিক কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আনোয়ার হোসেন সবুজ জানান, এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের সহায়তায় তিনি বিভিন্ন উদ্যোগে ভূমিকা রেখেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, একটি গাইড ওয়াল ও একটি কালভার্ট নির্মাণে সহযোগিতা করেছেন। এ ছাড়া ১৫টি প্রতিবন্ধী কার্ড, দুটি ওএমএস চালের কার্ড, দুটি পরিবারকে সরকারি টিন, ২৫টি টিসিবি কার্ড, আটটি সরকারি স্যানিটারি ল্যাট্রিন এবং দুটি মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করতে সহযোগিতা করেছেন বলে তিনি উল্লেখ করেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রমেও সম্পৃক্ত থাকার কথা জানান তিনি।
‎
‎আসন্ন নির্বাচনে সদস্য নির্বাচিত হলে সরকারি বরাদ্দের তথ্য অনলাইন ও অফলাইনে জনগণের সামনে প্রকাশ করার উদ্যোগ নিতে চান আনোয়ার হোসেন সবুজ। একই সঙ্গে বরাদ্দ ও সহায়তা বিতরণে একটি কমিটি গঠন করে কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাঁর। এতে বরাদ্দের তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে তিনি আশা করেন।
‎
‎তিনি আরও জানান, সমাজসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই তাঁর অন্যতম লক্ষ্য। এলাকার মানুষের সমস্যা সমাধান, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
‎
‎স্থানীয় পর্যায়ে সরকারি বরাদ্দের স্বচ্ছতা, সুষ্ঠু বণ্টন ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চান বলে জানান সম্ভাব্য এই ইউপি সদস্য প্রার্থী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন