সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, এ ধরনের পদক্ষেপ মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।
সোমবার (২৭ অক্টোবর) গাজীপুরে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী রমজানে সাধারণ মানুষকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় এবং শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

