রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশি দক্ষ কর্মীদের নিয়োগে আগ্রহী মালদ্বীপ: হাইকমিশনার

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আইনি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়। এ সময় মালদ্বীপে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। জবাবে হাইকমিশনার এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা এবং হাইকমিশনার হিসেবে তাঁর দায়িত্ব ও কার্যক্রম তুলে ধরেন। এ সময় ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

পরে বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণে আদালত পরিদর্শন করেন হাইকমিশনার। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারিসহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন