মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত তারিখের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মন্ত্রণালয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসরণ করে মেডিকেল পরীক্ষার জন্য সেন্টার নির্বাচন করতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলা ও সক্ষমতার ভিত্তিতে তালিকা থেকে কোনো মেডিকেল সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন সেন্টারও যুক্ত হতে পারে।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। তবে কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এ অবস্থায় কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনুমোদিত কি না, তা নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ জন্য secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।
কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

