রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সড়ক অবরোধ ও অচলাবস্থায় দেখা দিয়েছে খাদ্যসংকটের আশঙ্কা। ব্যাহত হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ।
স্থানীয় দোকানিরা জানান, মজুত পণ্য ফুরিয়ে আসায় চাল, ডাল, তেল ও শাকসবজিসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহে সংকট তৈরি হচ্ছে। অন্যদিকে, পর্যটক চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সাজেকের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা জানান, দীর্ঘস্থায়ী অচলাবস্থায় স্থানীয় মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে পড়ছে।
এ অবস্থায় খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

