রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার জন্য রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্ক

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বপরিস্থিতি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বিকাশে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তাঁর স্মৃতিবিজড়িত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা অর্জনে প্রশিক্ষিত করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সর্বশেষ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে পাঠদান এবং প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন