পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে তাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনের কঠোরতা বোঝাতেই আইজিপি ওই শব্দটি ব্যবহার করেছেন।
একই সঙ্গে বর্তমান সরকারের আট মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠকে গত ১৭ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৪৮টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর বেদনা উপলব্ধি করতে পারার কথা তুলে ধরেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, শব্দচয়নের বিষয়ে আইজিপিকে সতর্ক করা হয়েছে। আইনের কঠোরতা বোঝাতে তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যা দেন মন্ত্রী।
সম্প্রতি বাগেরহাটে গুমের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সমস্যার সমাধানে সরকার আন্তরিক।
সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলকে সড়কে আন্দোলন না করে সংসদ ও সংশ্লিষ্ট কমিটিতে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

