জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব তুলে ধরে এ এম এম নাসিরউদ্দিন বলেন, বর্তমান নির্বাচন কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করে। সেই নীতির ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে তাদের নির্ধারিত নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয়ভাবে পুরো নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে সিইসি বলেন, জোটটির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।
দেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যেসব সংঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে কমিশন কাজ করছে।
সিইসি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন এবং কেন্দ্রীয় পর্যবেক্ষণের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

