রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এক ঘণ্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা

নিউজ ডেস্ক

মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা শুরু হবে রাত ১১টা থেকে। এর মধ্য দিয়ে দেশটিতে আবারও শীতকালীন মানসম্মত সময় চালু হবে।

নতুন সময় অনুযায়ী, গ্রিনিচ মান সময়ের (জিএমটি) সঙ্গে মিশরের সময়ের ব্যবধান তিন ঘণ্টা থেকে কমে দুই ঘণ্টা হবে। অর্থাৎ, দেশটির সময় অঞ্চল জিএমটি+৩ থেকে পরিবর্তিত হয়ে জিএমটি+২ হবে।

মিশরে প্রতিবছর এপ্রিল মাসের শেষ শুক্রবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় এ সময়সূচি অনুসরণ করা হচ্ছে। আইন অনুযায়ী, গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়।

প্রায় এক দশক বন্ধ থাকার পর ২০২৩ সালের এপ্রিলে মিশরে আবারও গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। বিদ্যুতের ব্যবহার কমানো এবং জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে অর্থনৈতিক চাপ মোকাবিলা করাই ছিল এ ব্যবস্থা পুনরায় চালুর অন্যতম লক্ষ্য।

দেশটির সরকার মনে করে, গ্রীষ্মকালে দিনের আলো বেশি সময় কাজে লাগানোর মাধ্যমে বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব। বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ ও জ্বালানি ব্যয় কমাতে এ ব্যবস্থা সহায়ক হতে পারে।

সময় পরিবর্তনের ফলে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশটির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও নতুন সময়ের ব্যবধান বিবেচনায় নিতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইট, অনলাইন বৈঠক, অফিসের সময়সূচি এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সময়ের পরিবর্তন খেয়াল রাখা জরুরি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন