জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে। উড়োজাহাজটির ত্রুটি শনাক্তের পর প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উড়োজাহাজটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে ত্রুটির কারণে ফ্লাইটটি রাত সাড়ে ১০টার আগে ছাড়তে নাও পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ ফ্লাইট বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটির উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নির্ধারিত সময়ে যাত্রা করার কথা ছিল। তবে স্পয়লারে ত্রুটির সংকেত পাওয়ার পর উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করা হয়।
ত্রুটি শনাক্তের পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি নিরসনে কাজ করছে।
প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

