রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শনিবারের মধ্যে সরকারি বাসা ছাড়ার নির্দেশ ভাড়াটিয়াদের

নিউজ ডেস্ক

সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর যেসব সরকারি কর্মচারী পুরো ফ্ল্যাট বা বাসার একাংশ অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট কর্মচারীর বাসার বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি বাসা ও ফ্ল্যাট পরিদর্শন করে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাঁদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।

এ অবস্থায় সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার জন্য বরাদ্দপ্রাপকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে যাঁরা বাসা ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সীমার পর সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই সংশ্লিষ্ট বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারি আবাসন ব্যবস্থাপনায় বরাদ্দের নিয়ম যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা এবং সরকারি বাসার অননুমোদিত সাবলেট বন্ধ করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন