রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফিলিস্তিনের নাবলুসে ইউসুফ (আ.)-এর সমাধিতে ইসরায়েলি বাহিনীর অভিযান

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সময়ে শহরটির আশপাশের কয়েকটি গ্রামে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও তছনছ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালায় তারা।

সমাধিস্থলে অভিযান শেষে আশপাশের কয়েকটি গ্রামে তল্লাশি শুরু করে ইসরায়েলি বাহিনী। এ সময় বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশির পাশাপাশি কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। অভিযানের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

 

সূত্র: আল জাজিরা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন