আগামীতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও আওয়ামী লীগের মতো ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এ কারণে দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে অভিযোগ করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির প্রচারণা মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে দলটি সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতাদের গোপন বৈঠকের অভিযোগের বিষয়ে দলটির কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

