বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় ৭ কিলোমিটার সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাঁরা সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে তাঁরা কর্মবিরতি শুরু করেন এবং পরে সড়কে নেমে আন্দোলন শুরু করেন।
এর আগে শনিবার সকালে প্রথম দিনের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শ্রমিকদের সচেতন করতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের পাশাপাশি শিল্প পুলিশও সেখানে রয়েছে। সড়ক থেকে অবরোধ তুলে নিতে শ্রমিক ও কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

