রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে এ গোলাগুলি শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেকের চাইলাতলী এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে, সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ১১ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। একদিকে সশস্ত্র সংঘাত, অন্যদিকে দীর্ঘস্থায়ী অবরোধ—সব মিলিয়ে সাজেক ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

