রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস আজ থেকে

নিউজ ডেস্ক

রাজধানীতে বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে আজ রোববার থেকে ছয়টি রুটে শুরু হচ্ছে একক কোম্পানিভিত্তিক বাস চলাচল। প্রাথমিকভাবে এসব রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস এবং বাকি দুটি রুটে চলবে এসি ও নন-এসি বাস।

গত ৮ অক্টোবর এক বৈঠকে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট র‍্যাশনালাইজেশন ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশনার অংশ হিসেবে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

রোববার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

জানা গেছে, শুরুতে পুরোনো বাস দিয়েই নতুন এ সেবার যাত্রা হবে। প্রস্তাবিত ছয়টি রুটের কয়েকটিতে এতদিন ভিআইপি, বিকাশ, দিশারী ও তানজিলসহ একাধিক কোম্পানির বাস চলাচল করছিল।

নতুন ব্যবস্থায় নির্ধারিত রুটে একক কোম্পানির বাস পরিচালনা নিশ্চিত করা এবং অন্য কোম্পানির বাস চলাচল বন্ধ করাই হবে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পরিবহন কোম্পানিগুলোর বাস চলাচল নিয়ন্ত্রণ ও নতুন ব্যবস্থার নিয়ম কার্যকর করা না গেলে উদ্যোগটির বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন