রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

চলতি বছরের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

রোববার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের বিমা-সুবিধার আওতার বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ ওই অর্থ কেটে রেখেছিল। তবে বাংলাদেশ সরকারের উদ্যোগে তা ফেরত আনা সম্ভব হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে।

তিনি জানান, ফেরত পাওয়া অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো পাবে। হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছে সরকার।

ধর্মমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না।

৪ হাজার ৩৪১ হজযাত্রীকে ফেরত দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি টাকা

হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকেও ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, এসব হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন