রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।
রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থানরত আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনের গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, হামলায় গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় ভাঙা কাচ চালকের হাতে ঢুকে কেটে গেলে রক্তপাত শুরু হয়।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

