রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৬ থেকে ৭ জন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন অংশ নেবেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধিদের নাম চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় উদ্যোগটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে পড়ে।

নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন সদস্যদের সঙ্গে সমন্বয় করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের মূল দাবি বিবেচনায় নিয়েই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে তিনি শ্রমিকদের সড়ক ছেড়ে অবিলম্বে কলকারখানা ও নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে সরকার।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের বিশেষ এক সাংগঠনিক সম্পাদক শ্রমিক পরিচয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তার দাবি, অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করছে।

তবে মন্ত্রীর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন বা অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠেয় বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, নতুন মজুরি বোর্ডের কার্যক্রম এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন