রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি জাতির জন্য একটা আপদ, থাকলেই জনগণের বিপদ: এটিএম আজহারুল

নিউজ ডেস্ক

বিএনপিকে ‘জাতির জন্য আপদ’ আখ্যা দিয়ে দলটির সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। এই আপদ সরাতে হবে।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘর ভাঙচুর এবং জামায়াতের প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি মুখে যা বলে, কাজে তার বিপরীত করে। নির্বাচনের আগে দলটি রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ঘটনা বিএনপি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এমন পরিস্থিতির পরও কমিশন নির্বাচনে সন্তুষ্ট থাকার দাবি করছে।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের কায়দায় দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এবং জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণ শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে। বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো ও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন