দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। এ খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের কালক্ষেপণের সুযোগ নেই।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা প্রত্যাহারের কারণে তৈরি পোশাকশিল্প সংকটের মুখে পড়েছে। পাশাপাশি আগের তুলনায় নতুন ক্রয়াদেশও কম পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, শিল্পের সংকটের পাশাপাশি এ খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রাও কঠিন হয়ে উঠেছে। ঘরভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।
জামায়াত আমির বলেন, দেশের প্রধান রফতানি খাতকে সচল রাখতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকারকে টেকসই উদ্যোগ নিতে হবে। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো জরুরি। পাশাপাশি অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ তাই শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি এ খাতে নিয়োজিত শ্রমিক ও অন্যান্য জনশক্তির স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
পোস্টে সতর্ক করে ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি; কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

