জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমাল নিরাপদ থাকে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
এ সময় ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, একটি মহল সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

