প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কল্যাণ ও জাতীয় উন্নয়নকে সামনে রেখে দেশ পরিচালনা করতে চায় সরকার। অতীতের সরকারের নীতি ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা অনুসরণ না করে নতুন পথে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঐক্য প্রয়োজন। এ ক্ষেত্রে ছাত্র-জনতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনগণের স্বার্থে কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই কাজ করতে হবে। দেশ কেবল একটি ভূখণ্ড বা পতাকার পরিচয় নয়; এর সঙ্গে জনগণের স্বাধিকার ও মালিকানার বিষয়ও জড়িত।
জগন্নাথ শিক্ষার্থীদের আবাসন সুবিধার আশ্বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারের সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে মানুষের চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হবে। বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ কয়েকজন ছাত্রনেতার প্রচেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।
তিনি আরও জানান, বর্তমান ক্যাম্পাসের পাশাপাশি কেরানীগঞ্জে ২০০ একর জমিতে আধুনিক আবাসিক সুবিধাসহ নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে।
বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার প্রসার
শিক্ষার মানোন্নয়নকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রগতির জন্য তার শিক্ষা ব্যবস্থার উন্নতি অপরিহার্য। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে গেছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে না, তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
তিনি বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জন করলেই একটি জাতি উন্নত হতে পারে না। শিক্ষার গুণগত মান বাড়ানো, গবেষণার পরিবেশ তৈরি এবং মুক্তবুদ্ধির চর্চা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল চাকরির বাজারের জন্য শিক্ষার্থী তৈরির প্রতিষ্ঠান হিসেবে নয়, জ্ঞান ও গবেষণার কেন্দ্র হিসেবেও গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রযুক্তিনির্ভর জনশক্তি তৈরির তাগিদ
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশের সঙ্গে তাল মেলাতে হলে দক্ষ ও মেধাভিত্তিক জনশক্তি তৈরি করতে হবে।
এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্যপ্রযুক্তির চর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেম ধারণ করে জাতীয় ঐক্য বজায় রাখার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

