বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প

নিউজ ডেস্ক

মার্কিন ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতার ছলে দেওয়া এ মন্তব্যে তিনি দাবি করেছেন, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যদিও এ দাবির সমর্থনে কোনো জনমত জরিপের তথ্য তুলে ধরেননি তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।’

এ সময় ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের বিষয়েও কথা বলেন তিনি। ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের ভাষ্য, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত থাকবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি ব্যবহার করে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। গত মে মাসেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। সে সময়ও ইসরায়েলিদের মধ্যে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে রয়েছে তার দল রিপাবলিকান পার্টি। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ডেমোক্র্যাটরা। দলটি নিয়ন্ত্রণ ফিরে পেলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন