বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

চলমান শ্রমিক আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন স্থগিত রেখে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রকৃত শ্রমিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি নাকি সহিংসতা—তা নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে দেরি হওয়ায় প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যায়। নাম পাওয়ার পরদিনই বোর্ড গঠন করা হয়েছে এবং বুধবার এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, অতীতের মজুরি বৃদ্ধির হার এবং শিল্পমালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন। সরকার শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পের উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণকেও গুরুত্ব দিচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান সহিংসতার বিষয়ে তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে কিছু ব্যক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তাদের অনেকে প্রকৃত শ্রমিক নন বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে সম্পর্কহীন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসব ঘটনার পেছনে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শিল্পমালিকের ভূমিকা এবং রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়েও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মাফিয়া শক্তি, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্রের আশঙ্কার কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থা রয়েছে। মালিকপক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গেও সরকারের আলোচনা হয়েছে। তাদের কেউ কেউ বর্তমান সহিংসতাকে প্রকৃত শ্রমিক আন্দোলন হিসেবে দেখছেন না বলেও জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ধৈর্যের সঙ্গে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলায় আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এরপরও বাহিনীকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের কেউ ক্ষতিগ্রস্ত না হন।

তিনি আরও বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের উৎপাদন সচল রাখা জরুরি। মজুরি বোর্ড গঠিত হয়ে কার্যক্রম শুরু করায় শ্রমিকদের এখন কাজে ফিরে যাওয়া উচিত।

এদিকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়েছেন কি না, সে বিষয়ে তার কাছে তথ্য নেই। তবে আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন