বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নিজের আকিকা নিজে করতে পারবে?

নিউজ ডেস্ক

সন্তান জন্মের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হলো আকিকা। ইসলামে নবজাতকের পক্ষ থেকে আকিকা করাকে মুস্তাহাব বলা হয়েছে। সাধারণত জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। তবে ওই দিন সম্ভব না হলে পরবর্তী সময়ে আকিকা করার সুযোগ রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) সন্তানের পক্ষ থেকে আকিকা করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের জন্য আকিকা করতে হয়। সুতরাং তোমরা তার পক্ষ থেকে জবাই কর এবং তার জঞ্জাল দূর কর (অর্থাৎ চুল কেটে ফেল)।’ (সহিহ বুখারি, হাদিস: ২/৮২২)

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সন্তান ভূমিষ্ঠ হয়, সে যদি শিশুটির পক্ষ থেকে আকিকা করতে পছন্দ করে, তাহলে যেন তা করে।’ (সুনানে নাসায়ি, হাদিস: ২/১৬৭)

আকিকা করার উত্তম সময়

ইসলামি বিধান অনুযায়ী সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। ওই দিন সম্ভব না হলে ১৪তম অথবা ২১তম দিনে করা ভালো। হজরত আমর ইবনে শুআইব (রা.)-এর সূত্রে বর্ণিত হাদিসে রয়েছে, রাসুলুল্লাহ (সা.) নবজাতকের সপ্তম দিনে আকিকা করা, নাম রাখা এবং মাথার চুল কাটার নির্দেশ দিয়েছেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৩২৬)

এ ছাড়া হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আকিকার পশু সপ্তম, চতুর্দশ অথবা একুশতম দিনে জবাই করা হবে। (আল-মুজামুল আওসাত)

তবে সপ্তম, ১৪তম কিংবা ২১তম দিনে আকিকা করা সম্ভব না হলে পরবর্তী যেকোনো দিনও তা করা যায়।

বড় হওয়ার পর নিজের আকিকা করা যাবে?

শৈশবে বাবা-মা বা অভিভাবক আকিকা করতে না পারলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজে নিজের আকিকা করতে পারবেন কি না, এ বিষয়ে হাদিস ও ইসলামি মনীষীদের বক্তব্য রয়েছে।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নবুওয়ত লাভের পর নিজের আকিকা নিজে করেছেন। (মাজমাউয যাওয়াইদ)

এ বিষয়ে বিশিষ্ট তাবেয়ি হাসান বসরি (রহ.) বলেন, কারও আকিকা করা না হয়ে থাকলে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নিজের আকিকা করে নিতে পারেন।

বিখ্যাত তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.)-ও বলেছেন, তিনি যদি জানতেন তাঁর আকিকা করা হয়নি, তাহলে নিজেই নিজের আকিকা করতেন।

অর্থাৎ সন্তানের জন্মের পর নির্ধারিত সময়ে আকিকা করা সম্ভব না হলেও পরবর্তী সময়ে তা আদায়ের সুযোগ রয়েছে। আকিকার মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবজাতকের পক্ষ থেকে তাঁর সন্তুষ্টি অর্জন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন