বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ: মোজতবা খামেনি

নিউজ ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালালে এবার আরও বিস্তৃত পরিসরে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করে আঞ্চলিক প্রতিরোধ জোরদারের বার্তা দিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি এসব কথা বলেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে একই ধরনের আগ্রাসন চালানো হলে জবাবের মাত্রা আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্টের’ ভূমিকার প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডকে তিনি বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

খামেনির মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা সামনে নিয়ে এসেছে। এ অবস্থায় ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, পূর্ণাঙ্গ প্রতিরোধ নিশ্চিত করতে হলে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী ইরান গড়ে তোলার কৌশল অব্যাহত রাখতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন