বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডলার বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি

নিউজ ডেস্ক

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার নিলাম প্রক্রিয়ায় কয়েকটি ব্যাংকের কাছে এই ডলার বিক্রি করা হয়। এর আগে গত সপ্তাহেও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমাতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবারের নিলামে অংশ নেওয়া প্রতিটি ব্যাংককে একক বিডে সর্বনিম্ন ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করেছিল বাংলাদেশ ব্যাংক। বেশ কয়েকটি ব্যাংক এতে অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। তবে কী কারণে ওই নিলাম বাতিল করা হয়েছিল, সে বিষয়ে ব্যাংকগুলোকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত প্রায় তিন বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার ছাড়ানো রিজার্ভ একপর্যায়ে কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

পরবর্তী সময়ে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি ঘোষণা করেন। বর্তমান গভর্নরও দায়িত্ব গ্রহণের পর একই অবস্থান বজায় রাখেন। এর ফলে রিজার্ভ বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর তা দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে সেখান থেকে কমে গত মঙ্গলবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরায়েলের ক্ষমতার পালাবদল ঘিরে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেল ও ডলারের দাম কমেছে। বাংলাদেশেও পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সাম্প্রতিক সময়ে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন আন্তঃব্যাংকে প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সায় বিক্রি হয়েছে। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।

গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ছিল ১২৩ টাকা। মাসের শেষ কর্মদিবসে তা বেড়ে ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর ডলারের বিনিময়মূল্য ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে বর্তমানে ১২৪ টাকা ছাড়িয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন