মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না সরকার। বরং এ করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোর প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হতে পারে। এ উদ্যোগ নিয়ে সরকার কোনো ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না। তবে করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে রোহিঙ্গা সমস্যার সমাধানকে গুরুত্ব দিতে হবে।
এদিকে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি শেখ হাসিনাকে ‘পলাতক সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, তার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

