বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

নিউজ ডেস্ক

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ পথচলার ইতি টানার কথা জানিয়েছেন আল নাসরের এই পর্তুগিজ তারকা।

বিবৃতিতে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলেও উল্লেখ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তাঁর ভাষায়, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে দলটির অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠেন তিনি। তাঁর নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে।

৪১ বছর বয়সী এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ছিল চলতি বছরের আসর। শেষ ষোলোতে স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পর আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন তিনি।

দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও সাফল্যের সাক্ষী হয়েছেন রোনালদো। এবার জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রেখে নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পর্তুগিজ ফুটবলের এই মহাতারকা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন