পোশাকশ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড আগামী এক থেকে দুই মাসের মধ্যে ন্যূনতম বেতন নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালি মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে এবং সরকার সেগুলো বিবেচনায় নিয়ে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা ও ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান আরও বলেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক শিল্পের ক্ষতি করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে শিল্পকারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি বিশৃঙ্খলাকারী গোষ্ঠী বিভিন্ন কারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে। তারা কারখানার পাশাপাশি যানবাহন ও উৎপাদন যন্ত্রপাতিরও ক্ষতি করছে।
শ্রমিকদের মজুরি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণের বিষয়ে সরকারের সময়সীমা ঘোষণার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

