ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসাসংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা ফর্মটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনের সঙ্গে NIC Visa Application Portal-এ আপলোড করতে হবে।
হাইকমিশন স্পষ্ট করেছে, কেবল নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।
অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে
এক পাতার নির্ধারিত ফর্মে আবেদনকারীকে প্রথমে নিজের নাম উল্লেখ করে অঙ্গীকার করতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন, ভারত সফরের সময় কেবল সেই উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন। পাশাপাশি আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক—এ ঘোষণাও দিতে হবে।
ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা লিখতে হবে।
দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এক্ষেত্রে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট কারণ লিখতে হবে।
এ ছাড়া ফর্মের পরবর্তী অংশগুলোতে কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই ভারতে অবস্থান না করা।
ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতিও দিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে।
হাইকমিশনের নির্ধারিত ফর্মে সতর্ক করে বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
অঙ্গীকারনামার শেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা ও মা উভয়কেই ফর্মে স্বাক্ষর করতে হবে।

