শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ কঠিন: বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্ক

যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, গত ছয় মাসে জ্বালানি খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এতে দেশের স্বাভাবিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রম এবং সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জ্বালানি খাতে বিকল্প উৎসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সোলার প্যানেলের জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। বিশেষ করে কৃষিজমিতে সেচের কাজে সৌরবিদ্যুৎ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। আগামী মৌসুমে যাতে কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরু করেছে। এতে ইতিবাচক দুটি ফল পাওয়া গেছে। এসব গ্যাস উত্তোলন করা সম্ভব হলে নাটোরে শিল্পকারখানায় সুষমভাবে গ্যাস সরবরাহ করা হবে।

সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশে মাদকের বিস্তার ঘটেছে। সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের ঘর থেকেই সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ফলে মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ফ্যাসিবাদের জন্ম হয়েছে। লাল-সবুজের পতাকার অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ঘোষণায় দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন