বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এত দিন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশ করা হতো। তবে এবার পরীক্ষা শেষে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
নতুন এ পদ্ধতির কারণে এবারের পরীক্ষা প্রচলিত ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে এটি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা নামে আয়োজন করা হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে নতুন এ পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।
এর আগে, সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা।
দীর্ঘ বিরতির পর এবার শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন পদ্ধতি কার্যকর হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার প্রত্যাশীদের জন্য নিয়োগপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

