রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতে সরকারের অংশ হয়েছিলেন। এখন যদি তারা রাজনীতি করতে চান কিংবা নির্বাচন করতে চান, তাহলে সরকার থেকে সরে গিয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

গণআন্দোলনের প্রতিনিধি ছিলেন, রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হতে হবে

নাহিদ ইসলাম আরও বলেন, “আমি নিজেও সেই সময় সরকারের সঙ্গে ছিলাম। তবে এনসিপির সঙ্গে এখন তাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।”

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান, যেন ভবিষ্যৎ রাজনীতিতে বিভ্রান্তি না তৈরি হয়।

‘এক-এগারোর পূর্বাভাস’ দেখছেন এনসিপি নেতা আখতার

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক-এগারোর মতো পরিস্থিতির ইঙ্গিত মিলছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্বপ্ন ছিল, তা এখন প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, “নির্বাচন, সংস্কার, বিচার—সবকিছুতেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।”

করিডোর ইস্যুতে দ্বৈত বার্তা, রাজনৈতিক আলোচনার দাবি

ত্রাণ সরবরাহের নামে ব্যবহৃত করিডোর নিয়ে সরকারের বক্তব্যে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, “করিডোর ইস্যুতে সরকারের বক্তব্য একরকম, বাস্তবতা আরেকরকম। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা।”

উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন